ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা তারিকুল ইসলাম। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদে পদায়ন করা হয়।


প্রজ্ঞাপনের অনুযায়ী, তিনি আগামী ১৮ জানুয়ারি কর্মস্থলে যোগদান করবেন। দায়িত্ব পালনকালে তিনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে আইনশৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারার ক্ষমতা প্রয়োগ করবেন। এছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করবেন।


বাঞ্ছারামপুরের সাবেক ইউএনও ফেরদৌস আরা গত ১৪ জানুয়ারি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে জনপ্রশাসন মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন শোক প্রকাশ করেছে।


স্থানীয়রা আশা করছেন, নতুন ইউএনওর নেতৃত্বে বাঞ্ছারামপুরে সুশাসন ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।