বহিরাগতদের হামলার প্রতিবাদ ও ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেছেন। এর ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড় সংলগ্ন এলাকায় শিক্ষার্থীরা রেললাইনের ওপর বসে ছয় দফা দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনকারীরা জানান, “বাকৃবি ক্যাম্পাসে বহিরাগতদের ন্যক্কারজনক হামলার নিন্দা জানাচ্ছি এবং দোষীদের বিচারের দাবি করছি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়া এবং ক্যাম্পাস ও হল বন্ধ করার সিদ্ধান্ত আমরা প্রত্যাখ্যান করছি। ছয় দফা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

গত ৩০ আগস্ট রাতে বহিরাগতরা বাকৃবি শিক্ষার্থীদের ওপর হামলা চালায়, এতে সাংবাদিক ও নারী শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হন। ঘটনার পর বিভিন্ন ছাত্র ও সাংস্কৃতিক সংগঠন নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।