গত ২৫ আগস্ট, জাতিসংঘের উন্নয়ন নীতিমালা সংক্রান্ত কমিটি (সিডিপি)-এর চেয়ারম্যান হোসে অ্যান্টোনিও ওকাম্পো বাংলাদেশ সরকারকে একটি চিঠি পাঠিয়েছেন। এতে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের বিষয়টি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।


চিঠিতে জানানো হয়, বাংলাদেশের জমা দেওয়া রিপোর্টের ভিত্তিতে আগামী অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ওই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রতিনিধি হিসেবে একজনকে ভার্চুয়ালি সভায় অংশ নিতে বলা হয়েছে। এজেন্ডা, তারিখ এবং সম্ভাব্য অংশগ্রহণকারীদের তালিকা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।


উল্লেখ্য, আগের সরকার এলডিসি থেকে উত্তরণের লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে প্রস্তুতি শুরু করেছিল। বর্তমান সরকারও সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। চলতি বছরের ১৩ মার্চ উপদেষ্টা পরিষদের বৈঠকে এলডিসি থেকে উত্তরণের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।


তবে ৫ আগস্ট নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর, বিভিন্ন রাজনৈতিক দল, অর্থনীতিবিদ ও ব্যবসায়ী মহল থেকে দাবি উঠেছ । বাংলাদেশ এখনও এই উত্তরণের জন্য পর্যাপ্ত প্রস্তুত নয়। অনেকের মত, আগের সরকার ভুল বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে এই পদক্ষেপ নিয়েছিল। ফলে উন্নয়নশীল দেশে রূপান্তরের জন্য আরও সময় নেওয়া উচিত।


এ নিয়ে গত ১৫ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার অর্থনৈতিক বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী সাংবাদিকদের বলেন, \"এলডিসি থেকে উত্তরণ পিছিয়ে দেওয়ার মতো কোনো গ্রহণযোগ্য কারণ আমাদের হাতে নেই। আমাদের সামনে বড় কোনো যুক্তিও নেই যা এই প্রক্রিয়া থামাতে পারে। এখন আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত একটি টেকসই উন্নয়ন ব্যবস্থাপনা গড়ে তোলা।\"


তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক বাজারে রপ্তানির ক্ষেত্রে শ্রমমান, পরিবেশ এবং অন্যান্য সূচকে একক মানদণ্ড চালু হচ্ছে। এজন্য বাংলাদেশের টেকসই উন্নয়নের পথে এগিয়ে যেতে হলে জ্বালানি, করব্যবস্থা এবং লজিস্টিক খাতকে আরও শক্তিশালী করতে হবে।