মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে সফরের দ্বিতীয় দিনে পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়।

বৈঠকের আগে ড. ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় দুই নেতা একান্ত বৈঠকে মিলিত হন এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কূটনীতিকদের সঙ্গে ড. ইউনূসের পরিচয় করিয়ে দেন।

সফরের অংশ হিসেবে ড. ইউনূস প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন। এছাড়া তিনি আজ একটি ব্যবসায়ী সম্মেলনে অংশ নেবেন। আগামীকাল বুধবার মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান (ইউকেএম) তাকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করবে, যেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও উপস্থিত থাকতে পারেন।

প্রধান উপদেষ্টা সোমবার (১১ আগস্ট) সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে কুয়ালালামপুর পৌঁছান। বিমানবন্দরে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল তাকে অভ্যর্থনা জানান।

\r\n

প্রেস সচিব শফিকুল আলম জানান, সফরে অভিবাসন ও বিনিয়োগ-সম্পর্কিত বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে।