আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংস ঘটনার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
বার্তায় জানানো হয়, বৃহস্পতিবার দুপুর ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে শেরপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সহিংস ঘটনার প্রতিবাদে এ জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
এর আগে বুধবার বিকেলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনা ঘটে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বসার আসন নিয়ে বিরোধের জেরে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে গুরুতর আহত হন জামায়াতে ইসলামীর এক নেতা।
পরে আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত রেজাউল করিম (৪২) শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ছিলেন। তিনি স্থানীয় ফতেহপুর ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।





