আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সম্প্রতি মালয়েশিয়া সফরকালে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। শুক্রবার (১৫ আগস্ট) সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।

ড. ইউনূস বলেন, “এখন আমার প্রধান কাজ হলো সংস্কারের লক্ষ্য নিয়ে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম এগিয়ে নেওয়া। গত এক বছরে সরকার ইতোমধ্যেই অনেক কিছু অর্জন করেছে।”

তিনি জানান, নির্বাচনী সংস্কার বিষয়ে ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন চলতি মাসের শেষের দিকে পাওয়া যাবে। বাংলাদেশ সঠিক পথে রয়েছে বলেও দাবি করেন তিনি।

সাক্ষাৎকারে বাংলাদেশের শ্রমবাজার ও হালাল শিল্প নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। হালাল পণ্যের উৎপাদন খাতে বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি এবং এ ক্ষেত্রে মালয়েশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগের কথাও উল্লেখ করেন।

এ ছাড়া স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার আহ্বান জানান ড. ইউনূস। বিদ্যমান সমস্যাগুলোর সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।