বাংলাদেশে ভারতীয় টেলিভিশন চ্যানেল 'রিপাবলিক বাংলা'র সম্প্রচার বন্ধ না করার কারণ জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। রোববার (২২ জুন) বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন।

\r\n

একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম—বিশেষ করে ফেসবুক ও ইউটিউবে চ্যানেলটির সম্প্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়ে আরেকটি রুল জারি করা হয়েছে।

\r\n

এর আগে, আইনজীবী মাহমুদুল হাসান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন দায়ের করেন। আবেদনে তিনি অভিযোগ করেন, ‘রিপাবলিক বাংলা’ বাংলাদেশে হিন্দু-মুসলিম উত্তেজনা উসকে দিতে সংবাদ পরিবেশন করছে, যা দেশীয় শান্তি-সম্প্রীতির জন্য হুমকি। একইসঙ্গে চট্টগ্রামকে আলাদা করার ষড়যন্ত্রমূলক প্রচারণাও চালানো হচ্ছে বলে রিটে উল্লেখ করা হয়।

\r\n

রিটে আরও দাবি করা হয়, এ ধরনের সম্প্রচার বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে করা হচ্ছে এবং এতে সামাজিক বিভাজন বাড়তে পারে। এজন্য দ্রুত চ্যানেলটির সম্প্রচার বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

\r\n

হাইকোর্টের জারি করা রুলে তথ্য সচিব, টেলিকম সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসি চেয়ারম্যানসহ মোট ছয়জনকে আগামী চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

\r\n

মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করে আদালত পর্যবেক্ষণ দিয়েছে, জাতীয় নিরাপত্তা ও সামাজিক সম্প্রীতির প্রশ্নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।