চিন্তাবিদ ও কলামিস্ট ফরহাদ মজহার বলেছেন, বাংলাদেশের রোহিঙ্গা নীতি অতীতে ফ্যাসিবাদী শাসনামলে সাম্রাজ্যবাদী শক্তির দ্বারা কঠোরভাবে নিয়ন্ত্রিত ছিল।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে রোহিঙ্গা ইস্যু নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, “রোহিঙ্গা সংকটকে কেবল মানবিক দৃষ্টিকোণ থেকে দেখলে চলবে না। এটি একটি রাজনৈতিক, সামরিক ও ভূরাজনৈতিক সমস্যা। আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সংকটকে একটি বৈশ্বিক ইস্যু হিসেবে গুরুত্ব দিয়ে দেখতে হবে।”

আলোচনায় অংশ নিয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, “বাংলাদেশ আর কোনো নতুন রোহিঙ্গাকে আশ্রয় দেবে না। বরং যারা আশ্রিত অবস্থায় আছে, তাদের নিজ দেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে সরকার অঙ্গীকারবদ্ধ।”

তিনি বলেন, “আশা করছি, সামনের বছর থেকেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হতে পারে। তবে এক্ষেত্রে আন্তর্জাতিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার কূটনৈতিকভাবে এ বিষয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

আরাকান রোহিঙ্গা ন্যাশনাল এলায়েন্স (আরএনএ)-এর চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, “রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া রোহিঙ্গাদের প্রত্যাবর্তন সম্ভব নয়। কোনো রকম দেশীয় বা আন্তর্জাতিক হস্তক্ষেপ ছাড়া এই প্রক্রিয়া বাস্তবায়ন কঠিন।”