বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের মানুষ “ওয়ান ম্যান ওয়ান ভোট” ধারণাটিই বেশি বোঝে—একজন প্রার্থী থাকবে, তার প্রতীক থাকবে, সেই প্রতীকেই ভোট দেবে ভোটার। শনিবার (২২ নভেম্বর) দুপুরে আইডিইবি মাল্টিপারপাস হলে মউশিক কেয়ারটেকার কল্যাণ পরিষদের আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি দেশের মানুষ বুঝে না; এ ব্যবস্থার সঙ্গে বাংলাদেশের জনগণ অপরিচিত। গণভোটের ‘হ্যাঁ’ বা ‘না’ নিয়েও সাধারণ ভোটার বিভ্রান্ত—“মানুষ এখনো তা ঠিকমতো বুঝতে পারছে না, শেষ দিন পর্যন্তও হয়তো বুঝতে পারবে না।”
মির্জা ফখরুল অভিযোগ করেন, গত ১৫–১৬ বছর একটি “দানবীয় সরকার” রাষ্ট্রযন্ত্র নিয়ন্ত্রণ করেছে, যার কারণে দেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছে। নিজের লোক বসানোর প্রবণতায় প্রশাসন ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠিত বিএনপি সবসময় ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দিয়ে এসেছে।





