বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক গতিময় পেসার শন টেইট। সোমবার (১২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

\r\n

এর আগে এই দায়িত্বে ছিলেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার আন্দ্রে অ্যাডামস। বোর্ড জানিয়েছে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে অ্যাডামসের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে। তিনি ২০২৪ সালের মার্চে দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন।

\r\n

বিসিবি জানিয়েছে, শন টেইটের সঙ্গে ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত চুক্তি হয়েছে। চলতি মাসেই জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন তিনি।

\r\n

৪২ বছর বয়সী এই কোচ এর আগে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান জাতীয় দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও রয়েছে তার দীর্ঘ অভিজ্ঞতা। তিনি বিগ ব্যাশ, পিএসএল এবং বিপিএলে কাজ করেছেন। সর্বশেষ বিপিএল আসরে চট্টগ্রাম কিংসের প্রধান কোচ ছিলেন টেইট, তার অধীনে দলটি ফাইনালে উঠেছিল।

\r\n

বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন টেইট। তিনি বলেন,
“বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়া দারুণ এক অভিজ্ঞতা। এখানে একটি নতুন যুগ শুরু হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যই মুখ্য, আর আমি চাই পেস বোলাররা আরও বেশি ম্যাচ জেতাতে সাহায্য করুক। ফিল সিমন্সের সঙ্গে কাজ করাও দারুণ হবে। এই যাত্রায় যুক্ত হতে আমি রোমাঞ্চিত।”

\r\n

বাংলাদেশ দলে টেইটের যুক্ত হওয়া নিয়ে ইতোমধ্যে ক্রিকেট মহলে কৌতূহল দেখা দিয়েছে। তার অভিজ্ঞতা কতটা কাজে লাগবে, তা দেখতে অপেক্ষা এখন মাঠের পারফরম্যান্সের।