আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ব্যবস্থা নিয়ে সরকারের অতিরিক্ত মন্তব্য না করাই শ্রেয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।


তিনি বলেন, “নির্বাচন পিআর পদ্ধতিতে হবে নাকি প্রচলিত ব্যবস্থায়—সে সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কম কথা বলাই ভালো।”


রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে দ্য ডেইলি স্টার কার্যালয়ে গবেষণা সংস্থা ইনোভেশন-এর একটি জনমত জরিপ উপস্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।


জরিপের ফলাফলের বরাত দিয়ে প্রেস সচিব বলেন, “পরিসংখ্যানই প্রমাণ করে জনগণের আস্থা সরকারের ওপর রয়েছে। ৯৫ শতাংশ মানুষ ভোট দিতে চায়—এটাই প্রমাণ করে যে সামনে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে যাচ্ছে।”


তিনি আরও বলেন, “বাংলাদেশের কারও সাধ্য নেই এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার। যখন সবাই ভোট দিতে আসে, তখন নির্বাচন ভালো হওয়া নিশ্চিত।”


জরিপে অংশ নেওয়া ১০ হাজার ৪১৩ জনের মধ্যে দেখা গেছে, ৫৬ শতাংশই পিআর পদ্ধতি সম্পর্কে অবগত নন। ২১.৮ শতাংশ এই পদ্ধতি চান, আর ২২.২ শতাংশ এর বিপক্ষে।


\r\n\r\n\r\n\r\n\r\n\r\n

জরিপে অংশগ্রহণকারীদের ৬৯.৯ শতাংশ মনে করেন, একটি অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে জাতীয় নির্বাচন আয়োজন করতে পারবে। তবে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের অংশগ্রহণকারীদের মধ্যে এ বিষয়ে কিছুটা সংশয় ও কম ইতিবাচক মনোভাব লক্ষ্য করা গেছে।