বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার ৯টি দেশের ওপর সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ভিসা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে—এমন খবর ভিত্তিহীন ও ভুয়া বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শনিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে প্রেস উইং বিষয়টি স্পষ্টভাবে অস্বীকার করে।

এর আগে বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, ইউএই সরকার বাংলাদেশসহ নয়টি দেশের নাগরিকদের ওপর আরোপিত ভিসা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে। এসব খবরে বলা হয়, ‘UAE Visa Online’ নামের একটি বেসরকারি ওয়েবসাইটে ১৭ সেপ্টেম্বর প্রকাশিত একটি নিবন্ধে ভিসা সংক্রান্ত এক সার্কুলারের কথা উল্লেখ করা হয়েছে।

তবে প্রেস উইং জানায়, উক্ত তথ্যে কোনো সত্যতা নেই এবং সেটি একটি বিভ্রান্তিকর ও অপ্রামাণিক সূত্র থেকে এসেছে।

সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. তারেক আহমেদ জানিয়েছেন, আমিরাত সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তি পাওয়া যায়নি। তিনি জানান, সংশ্লিষ্ট ভিসা সাইটের এই পোস্টটি বিদ্বেষপূর্ণ উদ্দেশ্যে প্রকাশিত হয়ে থাকতে পারে।

রাষ্ট্রদূত আরও বলেন, ২০ ও ২১ সেপ্টেম্বর ইউএই-তে সরকারি ছুটি থাকায় বাংলাদেশ দূতাবাস সরাসরি কোনো যোগাযোগ করতে পারেনি। তবে ২২ সেপ্টেম্বর অফিস খোলার পর আমিরাত সরকারের সঙ্গে আনুষ্ঠানিক চ্যানেলে বিষয়টি যাচাই করা হবে।

প্রেস উইং উল্লেখ করেছে, একটি বেসরকারি ওয়েবসাইটের ভিত্তিহীন তথ্য যাচাই না করেই কিছু গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে, যার ফলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।