বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। রোববার (১০ আগস্ট) থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তে পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন শহরের ব্যবসায়ীদের মধ্যে ফিরেছে স্বস্তি ও আশার সঞ্চার

গত এক বছর ধরে বাংলাদেশিদের ভারতে যাতায়াত সীমিত থাকায় ক্ষতির মুখে পড়েছিলেন অসংখ্য ব্যবসায়ী। বিশেষ করে কলকাতা, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর ও দিল্লির বাংলাদেশি রোগী ও পর্যটক-নির্ভর ব্যবসাগুলো প্রায় অচল হয়ে পড়েছিল। অনেকেই বাধ্য হয়ে পেশা পরিবর্তন করেছিলেন।

এর আগে প্রতি বছর পর্যটন, চিকিৎসা ও ব্যবসার উদ্দেশ্যে প্রায় ৩৬ লাখ বাংলাদেশি ভারত ভ্রমণ করতেন। কিন্তু গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত ভিসানীতি কঠোর করে। এতে বাংলাদেশি পর্যটক ও রোগীর সংখ্যা হঠাৎ করেই কমে যায়। এর প্রভাব পড়ে হাসপাতাল, হোটেল, পরিবহন, খুচরা বাজার ও মুদ্রা বিনিময় খাতসহ সংশ্লিষ্ট সব ব্যবসায়।

ভিসা প্রক্রিয়া সহজ হওয়ায় এবার বাংলাদেশি রোগী ও পর্যটকের সংখ্যা দ্রুত বাড়বে বলে আশা করছেন ভারতীয় হাসপাতাল মালিকরা। হোটেল ব্যবসায়ী, পোশাক ও খাদ্যপণ্য বিক্রেতা, পরিবহন উদ্যোক্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন খাতের ব্যবসায়ীরাও একই প্রত্যাশা ব্যক্ত করেছেন।

দুই দেশের ব্যবসায়ী ও সাধারণ মানুষই বলছেন—ধর্ম, রাজনীতি ও দ্বন্দ্ব ভুলে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেন অটুট থাকে, সেটিই সবচেয়ে বড় কামনা।