উত্তর মেরুর বরফঢাকা প্রান্তরে সাদা তুষারপাতে পরিবেশ হয়ে উঠেছে এক অভিনব উৎসবের মতো। ঐতিহ্যবাহী রুশ পোশাক পরা দুই শিল্পী নাচছেন, আর তাদের প্রতিটি মুদ্রা যেন তুষারের ওপর ছড়িয়ে দেওয়া উষ্ণতার ছোঁয়া। মুহূর্তের মধ্যে এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
\r\nপোলার ট্রাভেল ক্লাবের আয়োজনে আইসব্রেকার জাহাজে এই অভিযান পরিচালিত হয়। ভিডিওতে দেখা যায়, ফিফটি ইয়ার্স অব ভিক্টরি নামের রাশিয়ার আইসব্রেকার জাহাজের শেফ রোমান গ্রেবেনকভ ও হোটেল ম্যানেজার ভেরোনিকা সেমুশিনা ঐতিহ্যবাহী রুশ পোশাকে নাচছেন জনপ্রিয় লোকগান পোরুশকা পারান্যার সুরে।
\r\nরোমান ৭ বছর ধরে রাশিয়ার ফোক এনসেম্বলের প্রধান নৃত্যশিল্পী হিসেবে কাজ করছেন। ভেরোনিকা একজন দক্ষ ব্যালে নৃত্য পরিচালক।
\r\nরাশিয়ার জাতীয় ঐক্য দিবস উপলক্ষে ৭ জুলাই ধারণ করা এই ভিডিওটি দেখিয়েছে, বরফের মাঝেও সংস্কৃতির উষ্ণতা পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, ঠান্ডাকে হার মানাতে সক্ষম।





