বরগুনা প্রতিনিধি : বরগুনায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। অভিযানের সময় মোটরযান আইনে ৮টি মামলা দায়ের করা হয়েছে, ৫টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক করা হয়েছে এবং মোট ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টা পর্যন্ত বরগুনা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান পরিচালিত হয়। বরগুনা জেলার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা-এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খাঁন ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-এর নেতৃত্বে অভিযানটি সম্পন্ন করা হয়।
অভিযান চলাকালে থানা পুলিশ, ডিবি পুলিশ, ট্রাফিক পুলিশ, বাংলাদেশ নৌবাহিনী এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যৌথ চেকপোস্ট স্থাপন করা হয়। ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি শহরের বাজার ও দোকানে সাধারণ জনগণের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য মতবিনিময় কার্যক্রম পরিচালনা করা হয়।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক ও নিরাপদ রাখতে এই বিশেষ অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়েছে। নির্বাচনকালীন সময়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ডিবির ওসি, নৌবাহিনী ক্যাম্পের ইনচার্জ, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই)সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





