বরগুনা প্রতিনিধি : বরগুনা সদর উপজেলার কোরক খাল, ভাড়ানি পাড় খাল ও হেউলিবুনিয়া খালের উদ্বোধন আগামী ১৬ মার্চ ২০২৬ তারিখে ভার্চুয়ালি করবেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। উদ্বোধন উপলক্ষে পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে সংশ্লিষ্ট খালসমূহ পরিদর্শন করেছেন বরগুনা জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৭৯ সালে সারাদেশে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে বরগুনার কোরক এলাকায় যে খালটির উদ্বোধন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেই খালটিও আগামী ১৬ মার্চ পুনরায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে সরেজমিনে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মণি।
বৃহস্পতিবার খালগুলো পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস ও বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল হান্নান প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় তারা উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি ও খালের অবস্থা পর্যবেক্ষণ করেন।
কর্মকর্তারা জানান, খালগুলোর উন্নয়ন এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্বোধন অনুষ্ঠান সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।





