বরগুনা : প্রতিনিধি 

বরগুনার আমতলীতে তালাক দেওয়া স্ত্রীর বাড়িতে গিয়ে শাশুড়ি ও শ্যালকের স্ত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে সাবেক জামাইয়ের বিরুদ্ধে। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (২৯ মার্চ) দুপুর ১২টার দিকে আমতলী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লোছা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— তাসলিমা (৪৮) ও লামিয়া (২৫)। তাদের মধ্যে তাসলিমা তালাকপ্রাপ্ত স্ত্রী সাথী আক্তারের মা এবং লামিয়া তার ভাইয়ের স্ত্রী। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা শেষে বর্তমানে তারা আমতলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর আগে আমতলী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মৃত ইউনুছ হাওলাদারের ছেলে অটোরিকশা চালক ইব্রাহিম (৩০)-এর সঙ্গে একই ওয়ার্ডের বাবুল হাওলাদারের মেয়ে সাথী আক্তারের বিয়ে হয়। বিয়ের দুই বছর পর তাদের একটি পুত্র সন্তান জন্ম নেয়।

অভিযোগ রয়েছে, গত তিন বছর ধরে ইব্রাহিম বিভিন্ন নেশায় জড়িয়ে পড়েন এবং নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রী ও সন্তানকে প্রায়ই মারধর করতেন। এমনকি কয়েকবার সন্তানকে হত্যার উদ্দেশ্যে বাড়ির পুকুরে ফেলে দেওয়ার ঘটনাও ঘটে বলে স্থানীয়রা জানান। এসব ঘটনার পর স্থানীয়দের উদ্যোগে শালিশ বৈঠকের মাধ্যমে গত ২৩ ফেব্রুয়ারি কাজির মাধ্যমে উভয়ের সম্মতিতে তাদের তালাক সম্পন্ন হয়।

তালাকের এক মাসের মধ্যে ইব্রাহিম পুনরায় স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু সাথী আক্তার সংসার করতে অস্বীকৃতি জানান। এরই জেরে শুক্রবার দুপুরে ইব্রাহিম গাছ কাটার দা নিয়ে শ্বশুরবাড়িতে গিয়ে জোরপূর্বক স্ত্রীকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় সাথীর মা তাসলিমা ও ভাইয়ের স্ত্রী লামিয়া বাধা দিলে তিনি তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে আমতলী থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।