বরগুনা প্রতিনিধি : জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি বলেছেন, বরগুনায় একটি ইকোনমিক জোন স্থাপন করা গেলে এ অঞ্চলের সামগ্রিক উন্নয়ন ও আমূল পরিবর্তন সম্ভব। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে।

রোববার (২২ মার্চ) সকাল ১১টায় বরগুনার ক্রোক এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। তিনি দাবি করেন, আগের সরকার বিপুল পরিমাণ অর্থ পাচার করেছে। আওয়ামী লীগ সরকার প্রায় ৩২ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে, যা দিয়ে দেশের সাতটি জাতীয় বাজেট করা সম্ভব হতো।
তিনি বলেন, বরগুনার খালগুলো পর্যায়ক্রমে পুনঃখনন করা হবে। খাল খননের ফলে কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এতে কৃষকরা এক ফসলি জমিতে তিনটি ফসল ফলাতে পারবেন, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যুবসমাজের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে চিফ হুইপ বলেন, বিএনপি সরকার দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে চায়। দক্ষ জনশক্তি তৈরি হলে তারা বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেলেও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

এদিকে একইদিন দুপুরে বরগুনা সার্কিট হাউসের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নুরুল ইসলাম মনি বলেন, বঙ্গোপসাগর ও সুন্দরবন এলাকায় জলদস্যু দমনে শিগগিরই কঠোর অভিযান চালানো হবে এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া হবে। উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদারে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
উপকূলীয় অঞ্চলের উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মতো উপকূলীয় জেলাগুলোর উন্নয়নে আলাদা মন্ত্রণালয় গঠনের বিষয়টিও বিবেচনা করা যেতে পারে। এ বিষয়ে সরকারের কাছে উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন বলেও জানান তিনি।

এর আগে সকাল ১১টায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
অনুষ্ঠানে বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাসলিমা আক্তার, পুলিশ সুপার কুদরত-ই-খুদাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।