থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল ভারী বর্ষণের কারণে বন্যায় বিপর্যস্ত হয়েছে। নিরাপত্তার স্বার্থে দেশটিতে সর্বোচ্চ সতর্কতা সংকেত জারি করা হয়েছে। দেশটির সংবাদমাধ্যম ন্যাশন থাইল্যান্ড এই তথ্য প্রকাশ করেছে।


দক্ষিণের হাত ইয়াই প্রদেশে তিন দিনে ৫৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার ফলে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) থেকে পরিস্থিতি আরও অবনতি হতে শুরু করে এবং লাখ লাখ বাসিন্দা পানিবন্দি হয়ে পড়েছেন।


দুর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে। নিরাপত্তার কারণে বহু এলাকায় বিদ্যুৎ সংযোগও বন্ধ রাখা হয়েছে, যা সাধারণ মানুষকে আরও ভোগান্তিতে ফেলে।


থাইল্যান্ড স্টেট রেলওয়ে (এসআরটি) জানিয়েছে, হাট ইয়াই ও সঙখলা জেলার রেলপথে পানি বৃদ্ধি পাওয়ায় দক্ষিণাঞ্চলের ১০টি ট্রেন পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হবে। এই স্থগিতাদেশ ২২ নভেম্বর থেকে কার্যকর হবে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলবে। ক্ষতিগ্রস্ত যাত্রীরা তাদের টিকিট ফেরতের জন্য আবেদন করতে পারবেন।


শনিবার (২২ নভেম্বর) বিকেলে প্রদেশটির ১৬টির মধ্যে ১৩টি জেলা সরকার দুর্যোগ কবলিত অঞ্চল হিসেবে ঘোষণা করেছে। বন্যা কবলিতদের উদ্ধারে এবং ত্রাণ বিতরণে সামরিক বাহিনী মোতায়ন করা হয়েছে।