রাজধানীর বনানী এলাকায় জোরপূর্বক বাড়ি দখল এবং থানার পুলিশের সহযোগিতায় বাড়ির মালিককে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাড়ির মালিক সংশ্লিষ্ট থানার ওসি ও এক এসআইয়ের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।


অভিযোগ সূত্রে জানা গেছে, বনানীর ই-ব্লকের ১৩ নম্বর সড়কের ৫০ নম্বর বাড়ির নিচতলায় “টার্কিস রেস্টুরেন্ট” নামের একটি প্রতিষ্ঠানকে কেন্দ্র করে বাড়ির মালিক মাহমুদ আলীর সঙ্গে রেস্টুরেন্ট মালিক সৈয়দ এহসানুল হকের বিরোধের সূত্রপাত।


বাড়ির মালিক মাহমুদ আলীর দাবি করে বলেন, চুক্তিনামা অনুযায়ী ১৪ মাস আগে রেস্টুরেন্টটির ভাড়ার মেয়াদ শেষ হলেও এখনো তা ছাড়েননি মালিক। দীর্ঘদিন ধরে দেনা-পাওনা নিয়ে উভয়ের মধ্যে বিরোধ চলে আসছে।



মাহমুদ আলী আরো জানান, কয়েক মাসের বাড়ি ভাড়া পরিশোধ করা হয়নি। উল্টো থানার পুলিশের সহযোগিতায় তার সঙ্গে অসদাচরণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।


তবে অভিযোগ অস্বীকার করে রেস্টুরেন্ট মালিক সৈয়দ এহসানুল হক বলেন, ওসি খালেদ সাহেব আমাদের তিন মাস সময় বেঁধে দিয়েছেন। আমি তিন মাস পর বাসা ছেড়ে যাব।


অভিযুক্ত এসআই রায়হানও হুমকির অভিযোগ অস্বীকার করে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া অভিযোগটি মিথ্যা। বাড়ির মালিকের সঙ্গে কোনো ধরনের অসদাচরণ করা হয়নি।


এ বিষয়ে জানতে চাইলে বনানী থানার ওসি খালেদ মনসুর বলেন, বাড়ির মালিককে হুমকি দেওয়ার প্রশ্নই আসে না। আমরা বিষয়টি মীমাংসার চেষ্টা করছি। রেস্টুরেন্ট মালিককে দুই মাস সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পর তাকে জায়গা ছেড়ে দিতে হবে।