ভারত ও রাশিয়া যৌথ সামরিক মহড়া আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। আসন্ন ফেব্রুয়ারি মাসে ‘মিলান ২০২৬ নেভাল এক্সারসাইজ’ নামে এই মহড়া অনুষ্ঠিত হবে।
রাশিয়ার নৌবাহিনীকে প্রতিনিধিত্বকারী রাশিয়ান মেরিটাইম বোর্ডের বরাত দিয়ে দেশটির বার্তাসংস্থা তাস জানায়, মহড়ায় অংশ নেবে রাশিয়ার প্যাসিফিক ফ্লিটের ফ্রিগেট মার্শাল রণতরী শাপোশনিকভসহ অন্যান্য যুদ্ধজাহাজ। শাপোশনিকভ যুদ্ধজাহাজটি অত্যন্ত শক্তিশালী; এটি একই সময়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং সাবমেরিন ধ্বংসকারী গাইডেড ক্ষেপণাস্ত্র চালাতে সক্ষম।
প্রশান্ত মহাসাগরে সামরিক টহলে শাপোশনিকভকে ব্যবহার করে রাশিয়া। মহড়ায় অংশ নেওয়ার জন্য ইতোমধ্যে এটি বঙ্গোপসাগরের দিকে রওনা দিয়েছে। রাশিয়ান মেরিটাইম বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, গতকাল বুধবার শাপোশনিকভ ওমানের মাস্কাট বন্দর পেরিয়েছে। বঙ্গোপসাগরের মহড়া শেষে এটি ভারতের তামিলনাড়ু রাজ্যের বিশাখাপত্তমে যাবে এবং ১৮ থেকে ২৫ ফেব্রুয়ারি এর মধ্যে সেখানে পৌঁছাবে।
ভারতের নৌবাহিনী তিন মাস আগে, ২০২৫ সালের অক্টোবর মাসে এই মহড়ার আয়োজনের ঘোষণা দিয়েছিল। দেশের নৌবাহিনীর ভাইস চিফ অ্যাডমিরাল সঞ্জয় বাৎসায়ন এ তথ্য প্রকাশ করেন।





