জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে এসে গণপিটুনির শিকার হয়েছেন এক রিকশাচালক। ঘটনার পর তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. আজিজুর রহমান (২৭)।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে। পরে ধানমন্ডি থানা পুলিশ তাকে আটক করে এবং আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানায়।
গণমাধ্যমে দেওয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে আজিজুর বলেন, “আমি কোনো দল করি না। শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি। তাই আমার হালাল উপার্জনের টাকায় কেনা ফুল নিয়ে এসেছিলাম শ্রদ্ধা জানাতে।”
তবে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আজিজুর রহমানের বিরুদ্ধে একটি পূর্বের মামলায় গ্রেপ্তারের ভিত্তি রয়েছে। মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ৪ আগস্ট ‘জুলাই আন্দোলন’ চলাকালে ধানমন্ডি থানা এলাকার নিউমার্কেট থেকে সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত একটি মিছিলের সময় আসামিরা গুলি, পেট্রোল বোমা ও হাতবোমা নিক্ষেপ করে। এতে ভুক্তভোগী মো. আরিফুল ইসলাম গুলিবিদ্ধ হন এবং দীর্ঘদিন চিকিৎসা শেষে সুস্থ হন।
এ ঘটনায় ২০২৫ সালের ২ এপ্রিল ধানমন্ডি থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন ভুক্তভোগী আরিফুল। তদন্তের অংশ হিসেবে আজিজুরকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, “ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী ও বাদীর জবানবন্দিতে আজিজুর রহমানের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তাকে গ্রেপ্তার করার সময় সাধারণ জনগণের হাতে ধস্তাধস্তির কারণে সামান্য আঘাতপ্রাপ্ত হন তিনি।”
পুলিশ জানিয়েছে, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে জেল হাজতে আটক রাখা একান্ত প্রয়োজন।





