বগুড়া জেলা প্রতিনিধি:আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোরশেদ মিলটনের পক্ষে নির্বাচনী প্রচারণা মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির আয়োজন করে শাজাহানপুর উপজেলার সুজাবাদ গ্রাম কেন্দ্র বিএনপি।
শনিবার সকাল থেকে শুরু হওয়া প্রচারণা মিছিলটি সুজাবাদ উত্তরপাড়া, পূর্বপাড়া, মধ্যপাড়া, চকপাড়া, রাজধানীপাড়া, পশ্চিমপাড়া, সারিয়াকান্দিপাড়া, দওপাড়া, সড়কপাড়া ও নতুনপাড়া এলাকা প্রদক্ষিণ করে। পরে মিছিলটি সুজাবাদ উত্তরপাড়া ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়। সেখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, বগুড়া-৭ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোরশেদ মিলটন, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, বগুড়া শহর বিএনপির ১৩ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি সায়েদুল ইসলাম সায়েদ ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুত্তালেব বাদল সরকারের পরিচালনায় এবং যুব বিষয়ক সম্পাদক ফোরকান হোসানের সহযোগিতায় আয়োজিত আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও জীবনাদর্শ তুলে ধরেন। তারা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
পরে দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।





