বগুড়ার শাজাহানপুর উপজেলায় মোফাজ্জল হোসেন মোফা (৫২) নামে এক অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সুলতানগঞ্জ হাইস্কুলের পেছনে রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯ এ ফোন করেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত মোফা শাজাহানপুর উপজেলার খালিশাকান্দি গ্রামের মোবারক আলীর ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। তার গলায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের প্রাথমিক ধারণা, অটোরিকশা ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটেছে।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে মোফা অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে না ফেরায় স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন সকালে লাশ উদ্ধারের খবর পেয়ে তারা গিয়ে পরিচয় নিশ্চিত করেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নিহতের পরিচয় নিশ্চিত করা হয়েছে। ঘটনার কারণ জানতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে বিশেষ অভিযান চালানো হচ্ছে।