বগুড়া জেলা প্রতিনিধি:বগুড়া শহরে নকল ও অনিরাপদ তাল মিসরি উৎপাদনের অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫ লাখ টাকা জরিমানা করেছে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে শহরের আটাপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।



জেলা প্রশাসনের সহযোগিতায় পরিচালিত অভিযানে আটাপাড়ার মেসার্স আবিদ ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানে নিষিদ্ধ টেক্সটাইল রং ব্যবহার করে শিশুখাদ্য হিসেবে তাল মিসরি উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, নকল মোড়কে তাল মিসরি বাজারজাত করা এবং চানাচুর, সেমাই ও বুন্দিয়া তৈরিতে ক্ষতিকর রাসায়নিক রং ব্যবহারের বিষয়টি ধরা পড়ে।

অভিযানের সময় অভিযোগগুলো স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ২৩, ২৭, ৩২(গ) ও ৩৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অনিরাপদ শিশুখাদ্য ও সংশ্লিষ্ট উপকরণ জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ। অভিযানে জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেলসহ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিরাপত্তার দায়িত্ব পালন করে বগুড়া জেলা পুলিশের একটি দল।

জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল জানান, জনস্বার্থে ভেজাল ও অনিরাপদ খাদ্য উৎপাদনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।