বগুড়ায় জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে শহরের পৌর খোকন পার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ও শহর জামায়াত যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে সভাপতিত্ব করেন শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ আসনের প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, শহর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, মাওলানা আব্দুল হামিদ বেগ, মাওলানা হেদায়েতুল ইসলাম, মাজাহানপুর উপজেলা সেক্রেটারি শহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শহর সভাপতি আজগর আলী, জামায়াত নেতা আব্দুস ছালাম তুহিন, অধ্যক্ষ ইকবাল হোসেন, মাহফুজুল হক ও এনামুল হক রানা।
অধ্যক্ষ সোহেল বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৃহস্পতিবারের ভাষণে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণা জাতিকে হতাশ করেছে। তিনি অভিযোগ করেন, একটি দলকে সুবিধা দিতে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি উপেক্ষা করা হয়েছে। তিনি জানান, গণ-আন্দোলনের মাধ্যমে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে, তাই জনগণকে অবহেলা করা যাবে না। দ্রুত গণভোট আয়োজন না করলে জনগণ কঠোর প্রতিক্রিয়া জানাতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
বক্তারা বলেন, দেশে আর চাঁদাবাজির সুযোগ দেওয়া হবে না।
সমাবেশ শেষে খোকন পার্ক থেকে একটি বড় মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।





