বগুড়া জেলা প্রতিনিধি:বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের তেতুলিয়াগাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন নন্দীগ্রামের তেতুলিয়াগাড়ি এলাকার আব্দুস ছালাম (৩০) ও আবু বক্কর (২৮) এবং শাজাহানপুর উপজেলার রুপিহার গ্রামের পারভেজ (২৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, তারা বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
সেনাবাহিনী সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বিকেল প্রায় ৪টার দিকে তেতুলিয়াগাড়ি এলাকায় অভিযান চালানো হয়। শাজাহানপুর আর্মি ক্যাম্পের একটি দল মেজর মেহেদী হাসানের নেতৃত্বে অভিযানে অংশ নেয়। অভিযানের সময় সন্দেহভাজনদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড তাজা গুলি এবং কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এ বিষয়ে অভিযানে অংশ নেওয়া এক কর্মকর্তা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।





