বগুড়া জেলা প্রতিনিধি:বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করতে গিয়ে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারিয়েছেন আহসান হাবিব (৪৬) নামের এক ফায়ার ফাইটার। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে শেরপুরের মহিপুর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আহসান হাবিব গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার মৃত আবেদার রহমানের ছেলে। তিনি মহিপুর ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত ছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ২টার দিকে চান্দাইকোনা সংলগ্ন বগুড়া বাজার এলাকায় একটি সড়ক দুর্ঘটনার খবর পায় মহিপুর ফায়ার সার্ভিস। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযানে যাওয়ার প্রস্তুতি নেন স্টেশনের কর্মীরা।

ফায়ার সার্ভিসের গাড়িটি দ্রুত বের করার জন্য আহসান হাবিব স্টেশনের সামনে রাস্তায় দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণে সংকেত দিচ্ছিলেন। এ সময় তিনি ঢাকা মেট্রো-ন ১৯-২১৪৯ নম্বরের একটি বগুড়াগামী ট্রাক থামান, যাতে ফায়ার সার্ভিসের গাড়িটি নিরাপদে বের হতে পারে।

ট্রাকটি থামার পরপরই পেছন থেকে গাইবান্ধাগামী ‘আহসান পরিবহন’ নামে একটি দ্রুতগতির বাস ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি সামনে ছিটকে গিয়ে দায়িত্বরত আহসান হাবিবের ওপর উঠে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইছ উদ্দিন জানান, ঘাতক বাস ও ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কর্তব্যরত অবস্থায় সহকর্মীর এমন আকস্মিক মৃত্যুতে মহিপুর ফায়ার সার্ভিস স্টেশনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা বলেন, আহতদের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করলেন আহসান হাবিব।