বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলায় অবৈধ অস্ত্রের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে যৌথ বাহিনী একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে। এ ঘটনায় অস্ত্র রাখার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ক্যাপ্টেন জানে আলম সাদিফ (৪০ বীর)-এর নেতৃত্বে যৌথ বাহিনী শাজাহানপুর থানাধীন আশেকপুর ইউনিয়নের শাবরুল বাগিনা পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে শাবরুল বাগিনা পাড়া গ্রামের মনসুর রহমানের ছেলে মো. আতিকুর রহমান ওরফে আতিক (৩৫)-এর বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় একটি ৯ এমএম বিদেশি পিস্তল (রিভলবার) ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই আতিকুর রহমানকে আটক করে যৌথ বাহিনী।

আটক যুবকের বিরুদ্ধে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র সংরক্ষণ ও রাখার অভিযোগে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।