মাইন উদ্দিন বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুর উপজেলায় মায়ের সঙ্গে অভিমান করে পারভেজ আহমেদ পিয়াস (১৪) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আমরুল ইউনিয়নের ডেমাজানি রাজভর পাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় পিয়াসের সঙ্গে তার মায়ের কথা কাটাকাটি হয়। এর জেরে অভিমান করে সে এমন চরম সিদ্ধান্ত নেয় বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে এক শিশু ঘরের ভেতরে পিয়াসের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে বিষয়টি অন্যদের জানায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিক ইকবাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।