বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর গ্রামে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে মা, ভাই ও বোনসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি সোমবার (৩০ মার্চ) দুপুরে শাজাপুর গ্রামের জায়দারপাড়া এলাকায় ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা আনারুল ইসলাম দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সোমবার দুপুরে তার এই অবৈধ কার্যক্রমে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে নিজ পরিবারের সদস্যদের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, আনারুল নিজেও মাদকাসক্ত এবং মাদক ব্যবসা নির্বিঘ্নে চালাতে প্রায় তিন মাস আগে তিনি তার মা ও ছোট ভাই আমিনুল ইসলামকে বাড়ি থেকে বের করে দেন। এরপর থেকে তিনি এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।

ঘটনার সময় পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে স্থানীয়রা একত্রিত হয়ে তাকে ধাওয়া দিলে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এলাকাবাসীর অভিযোগ, আনারুল দীর্ঘদিন ধরে উঠতি বয়সী কিশোরদের টার্গেট করে মাদক সেবনে প্রলুব্ধ করে আসছিলেন। সাজাপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় স্কুলপড়ুয়া কিশোরদের কাছেও তিনি মাদক সরবরাহ করতেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ইভটিজিংসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে।

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি পুরাতন মোটরসাইকেল ও দুটি ভ্যান আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

পরে স্থানীয়দের সহায়তায় আহতদের স্বজনরা থানায় গিয়ে আনারুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।