বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় মকবুল হোসেন খন্দকার (৭০) নামে সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিহত হয়েছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার মাঝিড়া সেনা চেকপোস্ট থেকে প্রায় ৩০০ গজ দক্ষিণে মাঝিড়া মধ্যেপাড়া এলাকায় বগুড়া–ঢাকা মহাসড়কের ঢাকা গামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ফজরের নামাজ শেষে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি অজ্ঞাতনামা গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনাটি ঘটে মাঝিড়া মধ্যেপাড়ায় জনৈক আবদুল হাকিমের ফাঁকা জমির সামনে।

শেরপুর হাইওয়ে পুলিশের এএসআই রাফী জানান, নিহতের সুরতহাল প্রতিবেদনের প্রাথমিক কাজ সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতের জামাতা সেনা কর্মকর্তা গোলাম মোস্তফা (৪৭) বলেন, প্রতিদিনের মতো তিনি মসজিদে ফজরের নামাজ আদায় শেষে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনার শিকার হন।

নিহতের প্রতিবেশী সৈয়দ স্বাধীন, আরমান মন্ডল, মানিক মন্ডল, মুক্তার মন্ডল ও মমিন মন্ডল জানান, মকবুল হোসেন খন্দকার অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করতেন এবং সবার সঙ্গে সদাচরণ করতেন।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।