বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার বিকেলে উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কের পশ্চিম পাশে মো. ইউসুফের বাড়ির সামনে নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী কোচে (ঢাকা মেট্রো-ব-১৪-৭২৭৯) তল্লাশি চালানো হয়।
এ সময় বাসটির জি-৩ নম্বর সিটে বসা এক টিকিটবিহীন যাত্রীর দেহ তল্লাশি করে কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটক ওই যাত্রীর নাম রহিম মিয়া (৪০)।
গ্রেপ্তার রহিম মিয়া গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ছোট দুর্গাপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. শামছুল হক।
ঘটনার পর শাজাহানপুর থানার উপ-পরিদর্শক মো. শাহ আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেন। উদ্ধারকৃত আলামত জব্দ করে আসামিকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।





