মাইন উদ্দিন
বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী একটি মেইল বাসে তল্লাশি চালিয়ে ৫৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা–রংপুর মহাসড়কের শাজাহানপুর থানার আড়িয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ৫টা ১০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আড়িয়া বাজারে আইজুলের ভাতের হোটেলের সামনে অবস্থান নেয় ডিএনসির একটি অভিযানিক দল। পরে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী “আল-আমিন পরিবহন” নামের একটি মেইল বাসে (রেজি: মুন্সিগঞ্জ-জ-১১-০০০১) তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় বাসের F-3 ও F-4 নম্বর সিটে বসে থাকা দুই যাত্রীর দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ৫৪০ পিস কমলা রঙের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় সিমসহ দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়। ডিএনসি জানায়, গ্রেপ্তারকৃতরা কোনো টিকিট ছাড়াই বাসে ভ্রমণ করছিলেন।
গ্রেপ্তারকৃতরা হলেন শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভাদরা গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে মাসুদ রানা এবং ধুনট উপজেলার চার ধনু গ্রামের মৃত ভুলুর স্ত্রী মিলন দেওয়া (৫৩)।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সামসুল আলম বাদী হয়ে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
ডিএনসি বগুড়া জেলা কার্যালয় জানায়, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে তাদের অভিযান অব্যাহত থাকবে।





