বগুড়া জেলা প্রতিনিধি: পবিত্র মাহে রমজানকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুর উপজেলায় এতিম শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। নবনির্বাচিত সংসদ সদস্য বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনের এমপি মোরশেদ মিলটন-এর পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার আড়িয়া রহিমাবাদ মদিনাতুল উলুম কুরআনিয়া হাফেজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। রমজান মাসের পবিত্রতা ও সমাজে ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যেই এই কর্মসূচি আয়োজন করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক এবং শিক্ষার্থীরা। তারা বলেন, অসহায় ও এতিমদের পাশে দাঁড়ানো সমাজের সকলের নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর রূহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংসদ সদস্য মোরশেদ মিলটনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
স্থানীয়রা মনে করেন, রমজানকে সামনে রেখে এমন মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সামাজিক বন্ধন আরও দৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে।





