বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার গাবতলী উপজেলায় শ্যালো মেশিনঘরে ঘুমন্ত অবস্থায় আব্দুল লতিফ আকন্দ (৬৫) নামে এক সেচ মালিককে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা আকন্দপাড়া গ্রামে। পুলিশ রোববার সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুল লতিফ আকন্দ মৃত মোবারক আকন্দের ছেলে। তার বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে একটি শ্যালো মেশিনঘর রয়েছে, যেখানে তিনি জমিতে সেচ দেওয়ার কাজ করতেন। প্রতিদিনের মতো ঘটনার রাতেও তিনি ওই মেশিনঘরে ঘুমাতে যান।
পরদিন সকালে স্থানীয়রা মেশিনঘরের ভেতরে তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থল পরিদর্শন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী) হুমায়ন কবির এবং গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হোসেনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।
পুলিশ জানায়, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
গাবতলী মডেল থানার ওসি রাকিব হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।





