রাজধানীর বকশিবাজারে কারা অধিদপ্তরের কোয়ার্টারে আবু তালেব (৫০) নামে এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি কারা অধিদপ্তরের হেডকোয়ার্টার্সে প্রশাসনিক শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) হিসেবে দায়িত্বে ছিলেন।

রবিবার (১৭ আগস্ট) ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে আজিম জানান, ভোরে হঠাৎ তার বাবা অসুস্থ হয়ে পড়েন। প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, পরে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক জানান—তিনি আর বেঁচে নেই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।