বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সময় যত যাচ্ছে, দেশের রাজনৈতিক পরিস্থিতি ততই জটিল হয়ে উঠছে। তিনি দাবি করেন, ফ্যাসিস্ট শক্তি আবারও সংগঠিত হচ্ছে এবং গণতন্ত্রকে নস্যাৎ করে ক্ষমতা ফিরে পাওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
শনিবার (১৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, “যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারাই আবার সক্রিয় হচ্ছে। ফ্যাসিবাদী শক্তি পুনরায় জোটবদ্ধ হচ্ছে। দেশজুড়ে ছিনতাই ও ‘মবোক্রেসি’র ভয়াবহতা বাড়ছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে।”
এ অবস্থায় দ্রুত নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, “সংস্কারের প্রস্তাব বিএনপিই দিয়েছে। তাই অযথা সময়ক্ষেপণ না করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত নির্বাচন দিন। এই দায়িত্ব এখন অন্তর্বর্তী সরকারের, বিশেষ করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে থাকা প্রশাসনের।”
তিনি আরও বলেন, “এখন আমাদের সামনে একটি বড় সুযোগ এসেছে। যদি এটিকে হারিয়ে ফেলি, তাহলে দেশ আবারও পিছিয়ে যাবে। প্রতিবার আন্দোলনে জীবন যাবে— এটা তো চলতে পারে না। এবার সবার উচিত ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদকে পরাজিত করা।”
সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “সরকারের প্রতিটি স্তরের দায়িত্বশীলদের উচিত এমন একটি গ্রহণযোগ্য রাজনৈতিক সমঝোতা তৈরি করা, যেটি সব দল মেনে নিতে পারে। আসুন, আমরা সবাই একটি জায়গায় ঐক্যবদ্ধ হই— যেন দেশ আর কখনো ফ্যাসিবাদের হাতে না পড়ে।”
এ সময় তিনি রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান।





