নাটোরের বাগাতিপাড়া উপজেলায় প্রথমবারের মতো সরকারি সফরে এসেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। রবিবার (১ মার্চ) দুপুর ১টার দিকে তিনি বাগাতিপাড়া উপজেলা পৌঁছালে থানা পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন প্রতিমন্ত্রী। সভায় কর্মকর্তারা দায়িত্ব পালনের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরে জানান, দলীয় পরিচয়ের দোহাই দিয়ে অনেক সময় বেআইনি কাজ করাতে চাপ ও হুমকি দেওয়া হয়।
এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, “ভঙ্গুর একটি দেশ আমরা পেয়েছি। আপনারা বাধা না হয়ে সহযোগীতা করুন। কেউ যদি আমার নাম ভাঙিয়ে অবৈধ সুবিধা চাইতে আসে, তাকে বসিয়ে সরাসরি আমার কাছে ফোন দেবেন। আমি কোনো ইলিগ্যাল সুবিধা নিতে দেব না।”
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডসহ সব সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে দুর্নীতির সুযোগ বন্ধ করতে হবে এবং সরকার থেকে সহায়তা সরাসরি জনগণের কাছে পৌঁছাতে হবে এখানে কোনো মধ্যস্বত্বভোগীর স্থান নেই।
প্রতিমন্ত্রী দখলদারিত্ব ও দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বলেন, পা ফাটা ও অসহায় মানুষকে স্বাবলম্বী করতে সরকার সব ধরনের উদ্যোগ নেবে। মাদক নির্মূলে প্রশাসনকে কঠোর হতে হবে উল্লেখ করে তিনি বলেন, অতীতে প্রশাসনের হাত ধরে মাদক বিস্তার ঘটেছে এখন তা আর চলবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মনজুরুল আলম, থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মোশাররফ হোসেন, সাবেক সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান এবং যুগ্ম আহ্বায়ক রশীদ চৌধুরী।
সভা শেষে উপজেলা অডিটোরিয়ামে বিএনপি ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়।





