ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মামলা দায়েরের ঘটনায়, জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের উদ্বেগ | Mirror News 24 | Mirror News 24
মিরর নিউজ ২৪ অনলাইন থেকে মুদ্রিত | mirrornews24.com
বিভাগ: সারা দেশ
তারিখ: ২৯ ডিসেম্বর, ২০২৫
লেখক: নিউজ ডেস্ক
বাংলাদেশের প্রতিচ্ছবি
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মামলা দায়েরের ঘটনায়, জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের উদ্বেগ
নিউজ ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২৫
পড়ার সময়: 2 মিনিট
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা: ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান এপোলো এবং লেখক এক এম রাসেল হক মল্লিক (মারুফ মল্লিক)-এর বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
আজ রবিবার (২৮ ডিসেম্বর) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের (জাবি) সভাপতি অধ্যাপক ড. মো. শামসুল আলম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জয়নাল উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি তে এই উদ্বেগ জানানো হয় ।
বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক সমাজে মতপ্রকাশের জবাব হওয়া উচিত যুক্তি, তথ্য ও রাজনৈতিক আলোচনার মাধ্যমে—মামলার মাধ্যমে নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে মামলা দায়েরের প্রবণতা সমাজে আতঙ্ক ও ভয়ের পরিবেশ সৃষ্টি করে এবং মতপ্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে।
জাতীয়তাবাদী শিক্ষক ফোরামআরও উল্লেখ করে, আইনি প্রক্রিয়া যেন কোনো অবস্থাতেই প্রতিপক্ষকে চাপে রাখা বা ভিন্নমত দমন করার উপায়ে পরিণত না হয়, তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সংগঠনটি মতপ্রকাশের সাংবিধানিক অধিকার, আইনের নিরপেক্ষ প্রয়োগ এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায়।
বিবৃতিতে ২০২৪-এর গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের মূলনীতি হিসেবে বাকস্বাধীনতা রক্ষা ও যুক্তিনির্ভর রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে দেশবাসী, বিশেষ করে শিক্ষার্থী, শিক্ষক ও সচেতন নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।