আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত দ্রুত নির্বাচন কমিশনকে জানানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ।
\r\nসোমবার (১৬ জুন) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নাগরিক ঐক্যের আয়োজনে \"বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং কল্যাণ রাষ্ট্রের ভাবনায় জাতীয় বাজেট ২০২৫-২৬\" শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। আলোচনায় তিনি বলেন, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে সাম্প্রতিক বৈঠকের ভিত্তিতে দ্রুত নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো জরুরি।
\r\nতিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারকে বলব, জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে আমরা যাতে দ্রুত একটি গণতান্ত্রিক পরিবর্তনের দিকে যেতে পারি, সে অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। আশা করি, লন্ডনের আলোচনার আলোকে যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, তা খুব শিগগিরই যথাযথ প্রক্রিয়ায় ইলেকশন কমিশনে জানানো হবে, যাতে কমিশন জনগণের সামনে এই বার্তাটি স্পষ্টভাবে উপস্থাপন করতে পারে।”
\r\nআলোচনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হকের একটি প্রশ্নের জবাবে সালাহ উদ্দিন বলেন, “লন্ডনের বৈঠকে কারো দায়মুক্তির বিষয়ে কোনো আলোচনা হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের অ্যাডভাইজরি রুল অনুযায়ী। উপদেষ্টারা মন্ত্রীর মর্যাদা ভোগ করবেন এবং মন্ত্রী হিসেবে যোগ্যতা অর্জনে সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুসারে প্রযোজ্য শর্তগুলো তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে—যার মধ্যে বিদেশি নাগরিকত্ব না থাকার বিষয়টিও অন্তর্ভুক্ত।”
\r\nতিনি আরও বলেন, “এই সরকার সাংবিধানিক ভিত্তিতে গঠিত হলেও, পরবর্তী সংসদে এ সরকারের অনুমোদন গ্রহণ বাধ্যতামূলক। নতুন নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নিশ্চিত করতে হবে।”
\r\nসভায় সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী জনশক্তি পার্টির সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু, এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এবং নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার প্রমুখ।





