জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে গণপরিষদ নির্বাচনে অংশ নিতে চায় তাঁর দল। এর বাইরে কোনো নির্বাচন হবে বলে তিনি মনে করেন না। তাঁর মতে, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাও নেই।

রোববার (২৪ আগস্ট) মালয়েশিয়ায় এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স আয়োজিত ‘২০২৪-এর গণঅভ্যুত্থান বীরত্বগাথা ও বিপ্লব-পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “আমরা প্রথম থেকেই নির্বাচনের তারিখ নিয়ে পক্ষ-বিপক্ষ করিনি। আমরা শুধু বলেছি—সংস্কার ও বিচারের নিশ্চয়তা থাকলে ডিসেম্বরেও নির্বাচন হলে আপত্তি নেই। তবে সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন।”

বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে একটি প্রশ্নের জবাবে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, “নির্বাচন পেছানো, আসন সমঝোতা ইত্যাদি বিষয়ে যে কথাবার্তা ছড়ানো হচ্ছে, তা ভিত্তিহীন গুজব ও প্রোপাগান্ডা। আমাদের প্রধান এজেন্ডা হচ্ছে সংস্কার। নির্বাচনে অংশ নেওয়ার চেয়েও সংস্কারকে আমরা বেশি গুরুত্বপূর্ণ মনে করি।”

তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানের পর যেন জনগণের কাছে বলতে পারি, এই পরিবর্তনটা এনসিপি-ই এনেছে—সেই লক্ষ্যেই আমরা এগোচ্ছি। জুলাই সনদই আমাদের রূপরেখা।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মাদ। সভাপতিত্ব করেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ এনামুল হক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আলমগীর চৌধুরী আকাশ।