বিএনপির যুগ্ম-মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ভিপি নুরুল হক নুরের ওপর হামলা একটি ষড়যন্ত্র, যা আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনের বিরুদ্ধে পরিচালিত হয়েছে।

আজ শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর (পশ্চিম) উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানটি দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

এ্যানি বলেন, ‘৫ আগস্টের পর এক বছরের বেশি সময় হয়েছে। সব রাজনৈতিক দল কি ঐক্যের অবস্থায় আছে? যে ঐক্য নিয়ে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সেই ঐক্য কি বজায় আছে? আমি তা দেখতে পাচ্ছি না। নুরের ওপর আঘাত, এটি কারা করেছে, তা খুঁজে বের করতে হবে। এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। এবং এটি আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনের বিরুদ্ধে।’

তিনি আরও বলেন, ‘হাসিনার শাসন দেশে স্বাভাবিক রাজনীতি ধ্বংস করেছে। সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না। সকল রাজনৈতিক নেতাকর্মীদের গায়েবি মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। মিথ্যা মামলায় সাজা দিয়ে জেলে রাখা হয়েছে, গুম ও খুনের ঘটনাও ঘটেছে।’

জামায়াতকে উদ্দেশ্য করে এ্যানি বলেন, ‘ঐক্যের মধ্যে যদি ফাটল আসে, সুযোগ নেবে ফ্যাসিস্টরা। যারা দেশের শত্রু, স্বাধীনতা-সার্বভৌমত্বের শত্রু, তারা এই পরিস্থিতি ব্যবহার করবে। জুলাই আন্দোলনের প্রজন্ম এবং রাজনৈতিক দলগুলোকে একত্রিত হয়ে ঐক্য সৃষ্টিতে এগিয়ে আসতে হবে, যাতে দেশ রক্ষা করা যায়।’

সম্মেলনে সদর (পশ্চিম) উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজান সভাপতিত্ব করেন। প্রধান বক্তা ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক হাসিবুর রহমান, জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, হাফিজুর রহমান, আবুল হাশেম, হারুনুর রশিদ বেপারী এবং সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ।

প্রসঙ্গত, ২০১২ সালে সদর (পশ্চিম) উপজেলা বিএনপির প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৩ বছর পর এখানেই জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।