আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন শেষে অন্তর্বর্তী সরকার পদত্যাগ করবে।


মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।


আসিফ নজরুল বলেন, “নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সরকারের। আমাদের সব পদক্ষেপ এই লক্ষ্য মাথায় রেখে নেওয়া হচ্ছে। আমরা মনে রাখছি, ফেব্রুয়ারিতেই নির্বাচন, এরপর আমরা চলে যাব।”


এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “রাজনৈতিক দল বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে। এটি রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। বাংলাদেশের ঐতিহ্য অনুযায়ী এসব কথাবার্তায় গুণগত কোনো বড় পরিবর্তন হয়নি। নির্বাচনের সময় কে কী বলবেন, সেটি রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখা উচিত।”


আইন উপদেষ্টা উল্লেখ করেন, সরকারের পক্ষ থেকে নির্বাচন সফল ও স্বচ্ছ হবে বলে দৃঢ়প্রতিজ্ঞ। “আমাদের প্রধান উপদেষ্টা সার্বজন স্বীকৃত একজন বিশ্বমানের নেতা। তার ঘোষণার প্রতি আমরা পুরোপুরি বাধ্য।”


তিনি আরও জানান, দুর্নীতি দমন কমিশন ও নির্বাচন কমিশন সংস্কারের সুপারিশ অনুযায়ী আগামী দুই মাসের মধ্যে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে এবং এই কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে।