গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০-দফা শান্তি পরিকল্পনার প্রথম পর্যায় অনুসারে আজ সোমবার ইসরাইলি পণবন্দী ও ফিলিস্তিনি বন্দীদের হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম দফায় হামাস সাত জন ইসরাইলি পণবন্দীতে মুক্তি দিয়েছে। কিন্তু ফিলিস্তিনি বন্দীদের মুক্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
জর্ডান থেকে আল জাজিরার প্রতিবেদক নুর ওদেহ বলেছেন, ইসরাইলের ১২ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়ে অধিকৃত পশ্চিমতীরে ফেরত পাঠানোর কথা থাকলেও এখন তাদের নির্বাসিত করা হবে। পরিবারের সদস্যদের মতে, তাদের গত রাতে এই পরিবর্তনের কথা জানানো হয়েছিল।
তিনি আরো বলেন, যারা তাদের সন্তানদের নির্বাসিত করার কথা আগেই জানতে পেরেছিলেন, তারা গতকাল পশ্চিমতীর ছেড়ে যাওয়ার চেষ্টা করলেও ইসরাইলি কর্তৃপক্ষ তাদের অনুমতি দেয়নি। এই মুহূর্তে সেখানে একটি আবেগঘন পরিস্থিতি তৈরি হয়েছে।
এছাড়া ইসরাইল কখন গাজায় ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেবে তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।





