ফিলিপিন্সের মিন্দানাও অঞ্চলের উপকূলে ৭ মাত্রার ওপরের ভূমিকম্প আঘাত হানার পর কর্তৃপক্ষ সুনামির সতর্কতা জারি করে। দেশটির ভূকম্পন সংস্থা জানিয়েছে, শুক্রবার সকালে আঘাত হানা প্রাথমিক ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৫। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এবং ইউরো-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র এর মাত্রা ৭ দশমিক ৪ বলে জানিয়েছে।

মিন্দানাও উপকূলে একের পর এক আফটারশক অনুভূত হয়েছে, যার মাত্রা ২ দশমিক ৬ থেকে ৪ দশমিক ৯ পর্যন্ত, বলে জানিয়েছে দেশটির ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভোলক্স)।

ফিলিপিন্সের ভূকম্পন সংস্থা \"জীবনের জন্য হুমকি\" হয়ে দাঁড়াতে পারে এমন উচ্চতার ঢেউসহ \"ধ্বংসাত্মক সুনামির\" সতর্কতা জারি করে।
তবে ঘণ্টাখানেক পর ইউএস সুনামি ওয়ার্নিং সেন্টার জানায়, সুনামি সর্তকতা তুলে নেওয়া হয়েছে। কিন্তু স্থানীয় কর্তৃপক্ষগুলো এ বিষয়ে ঘোষণা দেয়নি।

শুক্রবার সকালের এই ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ার কিছু অংশেও সুনামির সতর্কতা জারি করা হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৩০০ কিলোমিটারেরও বেশি দূরে ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি এবং পাপুয়া অঞ্চলেও সুনামির সতর্কতা জারি করা হয়। এই অঞ্চলগুলো হুমকির মুখে রয়েছে বলে জানায় ইন্দোনেশিয়ার ভূ-পদার্থবিদ্যা সংস্থা।

ইন্দোনেশিয়ার ভূমিকম্প ও সুনামি কেন্দ্রের প্রধান জানিয়েছেন, ইন্দোনেশিয়ার জলসীমায় ১৭ সেমি (৬ ইঞ্চি) পর্যন্ত সুনামি রেকর্ড করা হয়েছে।
\"আমরা একে ছোট সুনামি বলি,\" তিনি শূন্য দশমিক ৫ মিটার উচ্চতায় পৌঁছানো ঢেউয়ের কথা উল্লেখ করে বলেন।

ইন্দোনেশিয়ার ভূকম্পন সংস্থা জানায়, উত্তর সুলাওয়েসির তালাউড দ্বীপপুঞ্জে ৩ দশমিক ৫ সেন্টিমিটার থেকে ১৭ সেন্টিমিটার পর্যন্ত সুনামি ঢেউ রেকর্ড করা হয়েছে।

ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র মধ্য ও দক্ষিণ ফিলিপাইনের কিছু উপকূলীয় অঞ্চল থেকে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

পরিস্থিতি নিরাপদ মনে হওয়ার পর অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু করা হবে বলে তিনি ফেসবুকে এক পোস্টে বলেছেন। তিনি ক্ষতিগ্রস্ত অঞ্চলের সব মানুষকে উঁচু স্থানে সরে যাওয়ার এবং কর্তৃপক্ষ নিরাপদ ঘোষণা না করা পর্যন্ত উপকূল থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।

\"যাদের সাহায্য প্রয়োজন তাদের সকলের কাছে পৌঁছাতে আমরা সার্বক্ষণিক কাজ করছি,\" মার্কোস জুনিয়র বলেছেন।

সূত্র: বিবিসি