ইরান–ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে জ্বালানি সংকট মোকাবিলায় ফিলিং স্টেশনে অকটেন ও পেট্রল সরবরাহ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিভাগীয় শহরগুলোতে জ্বালানি তেলের গড় বিক্রয় কমানোর হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান বৈশ্বিক পরিস্থিতির মধ্যে দেশের মানুষের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে বিপিসি সরবরাহ ও গ্রহণ–সংক্রান্ত বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে।
নির্দেশনা অনুযায়ী, বিভাগীয় শহরগুলোতে অকটেন ও পেট্রলের গড় বিক্রয় ২৫ শতাংশ কমানোর আগের সিদ্ধান্ত পরিবর্তন করে এখন ১৫ শতাংশ কমিয়ে সরবরাহ করা হবে। ফিলিং স্টেশনভিত্তিক বরাদ্দ চার্ট অনুসারে এই জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে।
এ ছাড়া হ্রাসকৃত বরাদ্দ অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বিপিসির অধীন বিপণন কোম্পানির ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলার ও এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।





