ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
ফায়ার সার্ভিসের পক্ষে ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে এইচআরডি-১ বিভাগের যুগ্মপরিচালক মো. রিয়াদ ফারজান্দ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস সদর দপ্তর।
সমঝোতার আওতায় দেশের গুরুত্বপূর্ণ কেপিআই প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক ও এর আশপাশের এলাকায় অগ্নিদুর্ঘটনায় দ্রুত সাড়া দেওয়ার লক্ষ্যে ব্যাংকের প্রধান কার্যালয়ের ভেতরে একটি স্যাটেলাইট ফায়ার স্টেশনের আদলে সার্বক্ষণিক জনবল ও গাড়ি-পাম্প মোতায়েন থাকবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পদের মোট ১৩ জন সদস্য প্রয়োজনীয় সরঞ্জামসহ সেখানে দায়িত্ব পালন করবেন।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. নিয়ামুল কবির, সিকিউরিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. ফারুক হাওলাদার, পরিচালক (এইচআরডি-১) মো. জবদুল ইসলামসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, উপপরিচালক মো. মামুনুর রশিদ, সহকারী পরিচালক কাজী নজমুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





