রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এতে ফার্মগেট মোড়সহ আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট তৈরি হয়েছে।


রোববার (৪ জানুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে কয়েক শ শিক্ষার্থী সড়কে অবস্থান নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে ফার্মগেট মোড় ও সংলগ্ন সড়কগুলো দখলে নেন। ফলে ওই এলাকায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।


জানা গেছে, গত বছরের ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮)। চার দিন চিকিৎসাধীন থাকার পর ১০ ডিসেম্বর তার মৃত্যু হয়।


এই ঘটনার পর থেকেই সাকিবুল হাসান রানার সহপাঠীরা দোষীদের বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। এর আগেও একই দাবিতে একাধিকবার সড়ক অবরোধ করেন তারা। আজও বিচারের দাবিতে ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।


সড়ক অবরোধের কারণে ফার্মগেট, তেজগাঁও ও আশপাশের এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। যানজটে আটকে পড়া যাত্রীরা ক্ষোভ প্রকাশ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।