উত্তাপ ছড়ানো বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের ওয়ানডে সিরিজের ফয়সালা হলো রুদ্ধশ্বাস এক লো-স্কোরিং ম্যাচে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আগে ব্যাট করে মাত্র ২২৫ রান তুলেও বাংলাদেশ ৩৪ রানে জয়ের মাধ্যমে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে।
\r\nশুক্রবার (১৬ মে) অনুষ্ঠিত এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ৩১.২ ওভারে ৮ উইকেটে ১১৮ রান করে বসে দলটি। তখন মনে হচ্ছিল, দুইশ রানও হয়তো অধরাই থাকবে। তবে নবম উইকেটে রাকিবুল হাসান ও মাহফুজুর রহমান রাব্বির ৮৪ রানের দুর্দান্ত জুটিতে লড়াইয়ে ফিরে বাংলাদেশ। রাব্বি ৭৭ বলে ৫৮ রান ও রাকিবুল ৪০ বলে ৪২ রান করেন। শেষ পর্যন্ত ৪৫.৫ ওভারে বাংলাদেশ অলআউট হয় ২২৫ রানে।
\r\nদক্ষিণ আফ্রিকার পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন সেসোনা সেপো এনদোয়ান্দা, যিনি ৩ উইকেট শিকার করেন। তিয়ান মাইকেল ফন ফুরেন নেন ২ উইকেট।
\r\nজবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। ২১.২ ওভারে মাত্র ৯৪ রানেই ৭ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা। এরপর তিয়ান ফন ফুরেন ও মোকোয়েনা কিছুটা লড়াই করে ৫৪ রানের জুটি গড়েন। ফুরেন ৩৪ বলে ৪০ রান করে শেখ পারভেজ জীবনের বলে কট অ্যান্ড বোল্ড হন।
\r\nপরবর্তী ব্যাটাররা বেশিদূর যেতে পারেননি। মোকোয়েনার রানআউটের মাধ্যমে ৩৮.২ ওভারে ১৯১ রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস।
\r\nবাংলাদেশের বোলারদের মধ্যে রাকিবুল হাসান ছিলেন সবচেয়ে সফল। তিনি ১০ ওভারে ২৬ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। মাহফুজুর রহমান রাব্বি ও ওয়াসি সিদ্দিকী পেয়েছেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন জীবন ও রাকিব।
\r\nব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার জিতেছেন রাকিবুল হাসান।
\r\nএই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ ইমার্জিং দল ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় এবং তুলে নেয় দারুণ এক দলীয় সাফল্য।





